নিজের হাসপাতালে ৩০টি শয্যা চেয়ে ধরনা রেলওয়ের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৮:০৮ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০৮:১৯
রেলের করোনা আক্রান্ত কর্মীরা চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল ভর্তি হতে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল তাদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করছে। এ বাস্তবতায় ঢাকার কমলাপুর ও চট্টগ্রামের রেলওয়ে হাসপাতালে ১৫টি করে মোট ৩০টি শয্যা করোনা আক্রান্ত রেলকর্মীদের জন্য বরাদ্দের আবেদন জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গত ১৪ জুন রেলের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম আব্দুল্লাহ আল বাকী শয্যা বরাদ্দ চেয়ে চিঠি দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। রেলের জনসংযোগ বিভাগ থেকে এ চিঠির সত্যতা নিশ্চিত করা হয়েছে। জবাব না পেয়ে বুধবার ফের চিঠি দেয় রেলওয়ে। রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান জানিয়েছেন, চেষ্টা অব্যাহত রয়েছে।
রেলের চিঠিতে বলা হয়েছে, ট্রেন পরিচালনার সাথে রেলওয়ের অনেক কর্মচারী সরাসরি সম্পৃক্ত থাকেন। ফলে তাদের প্রত্যেক দিন যাত্রীদের সংস্পর্শে যেতে হয়। ইতোমধ্যে রেলওয়ের বেশ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে।
কমলাপুর ও চট্টগ্রাম রেল হাসপাতাল রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় চলে। ভবন ও অবকাঠমো রেলের। কিন্তু চিকিৎসক, নার্স নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দু'টি হাসপাতালে ১০০ করে শয্যা রয়েছে। হাসপাতাল দু'টিকে করোনার চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। তবে হাসপাতাল দু'টিতে আইসিইউ সুবিধা নেই। এখনো শয্যা স্থাপন করা হয়নি। কমলাপুরে ইতিমধ্যে দু'জন রেলকর্মীসহ ৫১ জন করোনা রোগি সেবা নিয়েছেন।
করোনার বিস্তার রোধে গত ২৪ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলছে।