ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সেমির আগে হঠাৎ নতুন পরিবর্তন ফিফার

সেমির আগে হঠাৎ নতুন পরিবর্তন ফিফার
×

শেষ চার ম্যাচের বলে পরিবর্তন। ছবি: ফক্স স্পোর্টস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২৩:৪৪

অল্প কিছুক্ষণ বাদেই ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। মঞ্চ প্রস্তুত, দুই দলের তারকারা প্রস্তুত। প্রস্তুত ভক্তরাও। এমন সময় নতুন ঘোষণা দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। দুই সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যোগ হচ্ছে নতুনত্ব।  

যে বলে খেলে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, ওই বলই শেষ চার ম্যাচের জন্য বদলে ফেলার ঘোষণা দিয়েছে ফিফা এবং বিশ্বকাপের বল প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। 

এবারের বিশ্বকাপ খেলানো হচ্ছে অ্যাডিডাসের প্রস্তুত করা ‘ট্রাইওন্দা’ বলে। বিশ্বকাপের এই বলে প্রথমবার উন্নতমানের সেন্সর ব্যবহার করা হয়েছে। যাতে নিঁখুতভাবে অফসাইড, হ্যান্ডবল, গোললাইন প্রযুক্তি প্রয়োগ করা যায়। কিন্তু গ্রুপ পর্ব থেকে এই বল নিয়ে অভিযোগও ছিল। 

বাতাসের বলের গতি-বিধি ঠিকঠাক বিচার করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এতে ফুটবলার বলের লাইন মিস করছেন, বলের পজিশন হারাচ্ছেন এমন অভিযোগ করেন সাবেক-বর্তমান ফুটবলার ও গোলরক্ষকরা। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড নকআউট পর্বের ম্যাচে বলের গতি বুঝতে ভুল করেছেন। এর আগে ২০১০ বিশ্বকাপে জাবুলানি নিয়ে একই অভিযোগ ছিল।  

সংবাদ মাধ্যম দি সান জানিয়েছে, বিতর্কের মধ্যেই ফিফার সম্মতিতে অ্যাডিডাস বলে নতুনত্ব এনেছে। স্নিকো প্রযুক্তি ও উন্নতমানের সেন্সর তো থাকছেই, সেমিফাইনাল-ফাইনালের বলের রঙ বদলে ফেলেছে অ্যাডিডাস। বিশ্বকাপে বলের প্রধান রঙ ছিল- লাল, সবুজ ও নীল। কিন্তু শেষ চার ম্যাচের বলের রঙ সোনালি, সাদা ও কালো রাখা হয়েছে। এছাড়া এবারের বিশ্বকাপ যেসব শহরে হচ্ছে, তার নামও আছে বলে। 

আরও পড়ুন

×