ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য ৪৬ কোটি টাকা অনুদান

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য ৪৬ কোটি টাকা অনুদান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৮:২৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য ৪৬ কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের এই ক্লান্তিলগ্নে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় করোনার কারণে ক্ষতিগ্রস্ত ৬৪ জেলার ৮ হাজার ৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ননএমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা হারে এবং ২৫ হাজার ৩৮ জন নন এমপিও কর্মচারীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ১ লাখ ৫  হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রী তার ’বিশেষ অনুদান’ এর খাত হতে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা ৬৪ জন জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ’বিশেষ অনুদান’  খাত থেকে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলতি মাসের (জুন) মধ্যে  বিতরণ করবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ’সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এর মাধ্যমে ’আমার ঘরে, আমার স্কুল’ প্রোগ্রাম চালু করে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ এলাকায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

×