ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক মাকসুদ কামাল
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৯:৫৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ করা হলো।
এতে আরও জানানো হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশে বৃহস্পতিবার তাকে আগামী চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক মাকসুদ কামাল বৃহস্পতিবার উপাচার্য দফতরে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে নতুন এ দায়িত্বভার গ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নব-নিযুক্ত উপ-উপাচার্যকে (শিক্ষা) আন্তরিক অভিনন্দন জানান ও তার সফলতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ সময় সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, নীল দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম ও আবু হোসেন মুহম্মদ আহসান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল কবির এবং খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে তিনবার সাধারণ সম্পাদক পদে ও চারবার সভাপতি পদে নির্বাচিত হন। বর্তমানেও তিনি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ছিলেন ও টানা তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।