কুড়িগ্রামে পিতা-পুত্রসহ নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১০:১৯
কুড়িগ্রামে পিতাপুত্রসহ নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকার ৬৭ বছর বয়সী পিতা এবং তার ৩৭ বছর বয়সী অগ্রণী ব্যাংকে কর্মরত পুত্র করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নাগেশ্বরী উপজেলায় ২৬ বছর বয়সী এক যুবক আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় এ পর্যন্ত ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭২ জন সুস্হ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আর মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
তিনি আরও জানান, চিলমারী উপজেলার সবুজ পাড়ার অধিবাসী খালিদ হাবিব মুকুল নামের ৪৫ বছর বয়সী এনজিও কর্মী বুধবার বিকেল ৫ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে বুধবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১০৯ জন। মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ৫১৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ৩ হাজার ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২ হাজার ১৮৩ জনের। তারমধ্যে ১২৮ জনের ফলাফল পজিটিভ।
- বিষয় :
- করোনাভাইরাস
- কুড়িগ্রাম