প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর ইন্তেকাল
সাংবাদিক ফারুক কাজী-ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০১:১৭ | আপডেট: ০৩ জুলাই ২০২০ | ০১:২৩
প্রবীণ সাংবাদিক ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।
শুক্রবার সকাল আটটায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফারুক কাজীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বাদ জুমআ এলিফ্যান্ট রোডে স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ফারুক কাজী কর্মজীবনে দীর্ঘ দিন বাংলার বাণী, দেশ বাংলা, ইউএনবি, বাসস, বাংলাদেশের খবর ও অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন। ১৯৯৬ সালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। পরে তাকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়। ২০০২ সালে তিনি দেশে ফিরে বার্তা সংস্থা ইউএনবিতে যোগ দেন।
ফারুক কাজী আইন ও আদালত বিষয়ক সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন।
প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজুসহ পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
- বিষয় :
- ফারুক কাজী
- সাংবাদিক