রাষ্ট্রীয় মর্যাদায় এ বি মুহাম্মদ খুরশিদের দাফন সম্পন্ন
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৫:৩৮
রাষ্ট্রীয় মর্যাদায় আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) এ বি মুহাম্মদ খুরশিদের দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবর বাদ জুমা রজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানের মসজিদে জানাজা ও গার্ড অব অনার শেষে সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এ বি মুহাম্মদ খুরশিদ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
এ বি মুহাম্মদ খুরশিদ ফরিদপুর ঝিলটুলি এলাকার প্রয়াত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে। লেখাপড়া শেষে তিনি নৌবাহিনীতে যোগ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় ৩৫ আসামির মধ্যে ১৮ নম্বর আসামি ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের জয়েন্ট সেক্টর নেভাল কমান্ডার ছিলেন এ বি মুহাম্মদ খুরশিদ। স্বাধীনতার পর ফরিদপুর জেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে তিনি ফরিদপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ বি মুহাম্মদ খুরশিদের মৃত্যুতে সমকাল প্রকাশক এ. কে. আজাদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম তিন আসামি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ (ক্যাপ্টেন বাবুল), মুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা. শামসুল আলম ও মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) আব্দুল জলিল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
- বিষয় :
- এ বি মুহাম্মদ খুরশিদ
- ইন্তেকাল
- দাফন সম্পন্ন