ফেসবুকে উপহার পাঠানোর নামে প্রতারণা, ১৬ নাইজেরিয়ান কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৯:০৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধু হওয়ার পর উপহার পাঠানোর নামে প্রতারণায় অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ১৬ নাইজেরিয়ান ও দুই বাংলাদেশিসহ মোট ১৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এক দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া ১৬ নাইজেরিয়ান হলেন-চিরনউইয়ি ওয়েমা, এগিনা চুকবেজুকু চিমাওবি আত্তাহ গ্যাব্রিয়েল, কেনেচুকুবু স্নালি, ওকেকে সেলেস্টাইন আবুচি, উয়েগবো স্যামুয়েল একেনে, উফোচুকবু তচুকবু উচিবেন্না, ওয়োমবো হেনরি এজিকে, চেবোয়োর নওয়ানেত ভিক্টর ও আনুরুকা গিনিকা ফ্রান্সিস। দুই বাংলাদেশি হলেন ইমরান হোসেন ও হারুন অর রশিদ।
এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকা, ২৩টি মোবাইল ফোন, ১৫টি পাসপোর্ট এবং বিপুল পরিমাণ টিশার্ট ও জিন্স প্যান্ট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
- বিষয় :
- ফেসবুক
- নাইজেরিয়ান
- কারাগার