যশোর-বগুড়ায় উপনির্বাচন
আজ ভোট, আগ্রহ নেই মানুষের
সমকাল প্রতিবেদক, ঢাকা, বগুড়া ব্যুরো ও সারিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০০:২১
যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন আজ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও নির্বাচন করতে হচ্ছে বলে দাবি করছে নির্বাচন কমিশন। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ভোট নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রাহ নেই।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আশাদুজ্জামান জানিয়েছেন, ভোটাররা যাতে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোট নিশ্চিত করতে নির্বাচন-সংশ্নিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপি করোনা পরিস্থিতির কারণে উপনির্বাচন পেছানোর দাবি জানায়। ভোট না পেছালে নির্বাচন বর্জন করার ঘোষণাও আসে দলটির পক্ষ থেকে। এ ছাড়া সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ১৪ জুলাই প্রথম মৃত্যুবার্ষিকী হাওয়ায় এই দিনটির পরিবর্তে যে কোনো দিন ভোট গ্রহণের অনুরোধ জানায় দলটি। তবে কমিশন বলেছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ তাদের নেই।
আসন দুটিতে গত ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। ১৫ জুলাই বগুড়া-১ আসনের এবং ১৮ জুলাই যশোর-৬ আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে নির্বাচনে বিএনপির প্রার্থী ছাড়া ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মোহাম্মদ রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)। এ আসনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৯৬টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই কেন্দ্রগুলোয় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, উপজেলায় বন্যার কারণে আগে সাতটি এবং রোববার আরও ৪টি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। প্রতিস্থাপন করা কেন্দ্রগুলোয় নির্বাচনী সরঞ্জাম নৌকাযোগে রোববার সকালে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন এবং একই দলের আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য হয়। যশোর-৬ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটার দুই লাখ ৪ হাজার ৩৯৭ জন। মোট ভোটকেন্দ্র ৭৯টি।
- বিষয় :
- যশোর-বগুড়ায় উপনির্বাচন
- যশোর
- উপনির্বাচন
- বগুড়া