ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ বোনের, সাঁতার না জানায় ডুবে যায় দুইজনই

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ বোনের, সাঁতার না জানায় ডুবে যায় দুইজনই
×

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২১:২৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ২১:২৯

ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাইকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় সাত বছরের বড় বোন। কিন্তু সাঁতার না জানায় শেষ পর্যন্ত পানিতে ডুবে মৃত্যু হয় দুইজনেরই। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের শমসের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শমসের আলী তার ছেলে-মেয়েকে বাড়ির পাশের বেগুন ক্ষেত দেখে আসতে বলেন। ক্ষেত থেকে ফেরার পথে মাহমুদুল অসাবধানতাবশত পাশের বর্ষার পানিতে পরিপূর্ণ একটি পুকুরে পড়ে যায়। ভাইকে ডুবে যেতে দেখে শরীফা তাকে উদ্ধারের চেষ্টা করে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনের কেউই সাঁতার জানত না। ফলে অল্প সময়ের মধ্যেই তারা পানিতে তলিয়ে যায়।

পাশে থাকা কয়েকজন শিশু ঘটনাটি দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দুই ভাই-বোনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে বারবার মূর্ছা যান বাবা শমসের আলী ও মা মঞ্জিলা বেগম।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরও পড়ুন

×