সৌদিতে খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু
মো. নাদিম হোসেন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২২:২৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ২২:৩১
সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই প্রবাসীর নাম মো. নাদিম হোসেন (২৭)। তিনি বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান নাদিম। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন তিনি।
স্বজনরা জানান, ঘটনার সময় একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য নাদিম মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী মেশিনটি চালু করে দিলে তিনি মেশিনের ভেতরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিহতের পরিবার জানতে পেরেছে।
এদিকে, আজ বৃহস্পতিবার তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর যদুপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রবাসীর বাবা সামাদ মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই। একই সঙ্গেদ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন সমকালকে বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
- বিষয় :
- কুমিল্লা