পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২০:৫৯
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।”
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেন।
মহাপরিচালক বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব।
তিনি জানান, চলতি বছর বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে মোট ৭৩ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।