ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বগুড়া ও যশোরের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

বগুড়া ও যশোরের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন
×

বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা-সমকাল

বগুড়া ব্যুরো ও কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ২৩:০৫ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০৫:৩৩

যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও নির্বাচন করতে হয়েছে বলে দাবি করছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

এ উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫ প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মোহাম্মদ রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)। 

বগুড়ার সোনাতলা উপজেলার বয়রা কারিগরি স্কুুুুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা-সমকাল

বগুড়া-১ আসনে ১২৩টি ভোটকেন্দ্র। সারিয়াকান্দি ও সোনাতলা এ দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন ভোটারের মধ্যে সারিয়াকান্দি উপজেলায় এক লাখ ৭৭ হাজার ৩৫২ জন ও সোনাতলা উপজেলায় এক লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ এক লাখ ৬২ হাজার ৩৩২ জন ও নারী এক লাখ ৬৮ হাজার ৫৮৬ জন।

যশোর-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ হয়েছে। সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য ব্যানার রাখা হয়।

কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-৬, কেশবপুর সংসদীয় আসন গঠিত। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১২২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৭৯টি ও বুথ ৩৭৪টি। ৭৯ জন প্রিজাইটিং অফিসার, ৩৭৪ জন সহকারি প্রিজাইটিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার উপনির্বাচনে দায়িত্ব পালন করছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মো. বজলুর রশীদ।

আওয়ামী লীগের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন এবং একই দলের আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য হয়।

আরও পড়ুন

×