ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদালতে তসবি হাতে দীপু মনি, কাঁদলেন পলক

আদালতে তসবি হাতে দীপু মনি, কাঁদলেন পলক
×

ডা. দীপু মনি ও জুনাইদ আহমেদ পলক

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ২১:১০

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ও একই থানার অপর দুটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর হাকিম মাসুম মিয়া এ নির্দেশ দেন।

এদিন সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে তাঁদের সিএমএম আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় দীপু মনির হাতে তসবি দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপছিলেন তিনি। শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময়ও দীপু মনির হাতে তসবি দেখা যায়।

অন্যদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক কথা বলছিলেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিনের সঙ্গে। কথা বলার পরেই তিনি আদালতের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকা স্বজনদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে থাকেন। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। আজ ঢাকার সিএমএম আদালতে এমন চিত্র দেখা গেছে। 
আইনজীবী ফারজানা জানান, আদালতে এসে পলক তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত হয়ে কেঁদেছেন। এ সময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়। 

গত বছর আগস্টে দীপু মনি ও পলককে রাজধানী থেকে আটক করে পুলিশ। পরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

নতুন মামলায় আনিসুল-সালমানসহ ৯ গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম মাসুম মিয়ার আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।  

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেকমন্ত্রী আনিসুল হক, ডা. দীপু মনি, আমির হোসেন আমু, জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহিদুল হক, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তাদের মধ্যে সালমান এফ রহমান, দীপু মনি ও আমু এক মামলায়, আনিসুল হক, পলক, জাহাঙ্গীর, শহিদুল ও আবুল হাসান দুই মামলায় এবং মনুকে আট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

আরও পড়ুন

×