ব্যতিক্রমী রিকশা র্যালি
দাঁড়িয়ে রিকশাচালকদের স্যালুট জানালেন দুই উপদেষ্টা ও শতাধিক নারী
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২৩:১০
গণঅভ্যুত্থানে রিকশাচালকদের সাহসী ভূমিকার প্রতি সম্মান জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী রিকশা র্যালি। দাঁড়িয়ে রিকশাচালকদের স্যালুট জানালেন নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তাদের সঙ্গে ছিলেন শতাধিক নারী, যারা হাতে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে ছিলেন রিকশাচালকদের সম্মানে।
সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই কন্যা দিবস উদযাপন উপলক্ষে জুলাই কন্যাদের নিয়ে রিকশা র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিকেল সাড়ে ৩টায় মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়- খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি, আগারগাঁও, শিশুমেল পেরিয়ে পুনরায় মানিক মিয়ায় এসে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। রিকশায় বসা প্রত্যেকের কপালে বাধা ছিল বাংলাদেশের পতাকা। কারো কারো হাতেও ছিল লাল-সবুজ পতাকা।
রিকশা র্যালি শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না। যতবার এদেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যরা প্রতিবার ধেয়ে আসবে।
উপদেষ্টা বলেন, ‘জুলাই কন্যারা আমাদের অনুপ্রেরণা। এ জুলাইয়ে তোমাদের এক একটা উজ্জ্বল শক্তিময় রুপে নতুন বাংলাদেশের সূচনা করেছো।’
তিনি বলেন, ‘জুলাই মানে অত্যাচারীর অবসান, জুলাই মানে অন্যায়ের অবসান, জুলাই মানে মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার সময়।
বক্তব্য শেষে উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই কন্যাদের শপথ বাক্য পাঠ করান।
সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই কন্যা উমামা ফাতেমা, জুলাই শহীদ নাইমা সুলতানার মা, শহীদ নাফিসার বাবা সহ জুলাই আন্দোলনে সহযোদ্ধারাও অনুভূতি প্রকাশ করেন। অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
