ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রাফিতি পথসভা আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

গ্রাফিতি পথসভা আলোচনায়  জুলাই গণঅভ্যুত্থান স্মরণ
×

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রিকশা র‍্যালি বের করা হয় ফোকাস বাংলা

 সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ০০:৫৩

জুলাই অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে দেয়ালগুলো পরিণত হয় প্রতিবাদ-বিক্ষোভের বিশাল ক্যানভাসে। তাই এ দিনকে স্মরণীয় করে রাখতে ২৪-এর রঙে গ্রাফিতির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা, গাছের চারা বিতরণসহ নানা আয়োজন ছিল মৌলভীবাজারের বড়লেখা, কমলগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুর, পাবনার ঈশ্বরদী ও রাজশাহীর তানোরে। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর।  

মৌলভীবাজার
গ্রাফিতি প্রতিযোগিতায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এ প্রতিযোগিতার মূল্যায়ন কমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও সদস্য সচিব শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে। 
জুলাই শহীদ ও যোদ্ধাদের স্মরণে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সেবা শাখা এ আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘এ’ দলের প্রতিযোগীরা হলো– এইচএসসি বিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেমা বিনতে লাবিবা, আমিনা সুলতানা ও নুসরাত জাহান।

কমলগঞ্জ (মৌলভীবাজার)
উপজেলা পরিষদ হল রুমে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় বক্তব্য দেন– উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাসুক মিয়া, প্রকৌশলী সাইফুল আযম, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, সাংবাদিক নির্মল এস পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ভূঁইয়া রাজন রেজা প্রমুখ। 

তাহিরপুর (সুনামগঞ্জ)
তাহিরপুর শিশু পার্ক এলাকায় কৃষ্ণচূড়া রোপণের মধ্য দিয়ে জুলাই শহীদ ও যোদ্ধাদের স্মরণ করা হয়। পরে কৃষি ব্যাংকের সহযোগিতায় ১০০টি নিম গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, থানার ওসি দেলোয়ার হোসেন, কৃষি ব্যাংক তাহিরপুর শাখার ব্যবস্থাপক অমর চন্দ্র সরকার, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক মালেক হোসেন, জুবায়ের আহমদ প্রমুখ। 

তানোর (রাজশাহী)
তানোরে বিজয় র‍্যালি শেষে থানা মোড়ের জিরো পয়েন্টে উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা করা হয়। ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান। সঞ্চালনা করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম। উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ দলের নেতাকর্মীরা।

ঈশ্বরদী (পাবনা)
সকালে বিএনপির একাংশের বিজয় র‍্যালিতে নেতৃত্ব দেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম 
সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, আতিয়ার রহমান, সুলভ মালিথা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম 
শাহীন, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
বিকেলে দলের আরেক অংশের নেতা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক আহসান হাবিব, সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা হুমায়ন কবীর দুলাল, আতাউর রহমান পাতা, আক্কাস আলী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
 

আরও পড়ুন

×