ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নোটিশ মেয়াদের মজুরি পাচ্ছেন পাটকল শ্রমিকরা

নোটিশ মেয়াদের মজুরি পাচ্ছেন পাটকল শ্রমিকরা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৮:১১

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা নোটিশ মেয়াদের ৬০ দিনের মজুরি এবং অপরিশোধিত নববর্ষ ভাতা পাবেন বুধবার। এ বাবত ৮১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থমন্ত্রণালয়। বরাদ্দকৃত এ অর্থ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে। চলতি অর্থবছরের বাজেটের 'পরিচালন ঋণ' খাত থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) অনুকূলে মঙ্গলবার এই বরাদ্দ দেওয়া হয়েছে। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের এই বরাদ্দ ৫ বছরের রেয়াতকাল ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ৫ শতাংশ সুদে বছরে দুই কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। অর্থমন্ত্রণালয়ের এই সংক্রান্ত এক পত্রে বিশেষভাবে বলা হয়, বরাদ্দ দেওয়া অর্থ শ্রমিকদের মজুরি  ব্যতিত অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। 

প্রসঙ্গত, গত ৩ জুলাই এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ঘোষণা করেন, মজুরি কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকরে জুন মাসের মজুরি  এবং  নোটিশ মেয়াদের অর্থাৎ জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরিও জুলাই মাসে যথারীতি পরিশোধ করা হবে। পিএফ, গ্র্যাচুইটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ অবশিষ্ট সকল পাওনার ৫০ শতাংশ ব্যাংক হিসাবে এবং বাকী ৫০ শতাংশ স্ব স্ব নামে সঞ্চয়পত্র আকারে সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করা হবে।

ক্রমাগত লোকসানের কারণে রাষ্ট্রায়ত্ত্ব পাটককল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৩০ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ২৫টি সরকারি পাটকলে ২৬ হাজার শ্রমিক কাজ করতেন। গোল্ডেন হেন্ডশেকের মাধ্যমে তাদের সব পাওনাদি পরিশোধ করা হচ্ছে। সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) মাধ্যমে বন্ধ পাটকলগুলো আবার উৎপাদনে ফিরিয়ে আনা হবে। 

আরও পড়ুন

×