ইউজিসি চেয়ারম্যান জানালেন
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ০৬:০৩
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে উপ-প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। মঙ্গলবার ইউজিসি মিলনায়তনে হিট প্রকল্পের সাব-প্রজেক্ট নির্বাচন প্রক্রিয়া এবং বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, হিটের বিভিন্ন সাব-প্রজেক্ট প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে সব ধরনের উদ্যোগ ইউজিসি নিশ্চিত করেছে। প্রকল্প মূল্যায়নের প্রতিটি ধাপের খোঁজ তিনি নিয়মিত নিয়েছেন। ইউজিসিতে যোগদানের আগে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ চাকরি জীবনের অর্জিত সম্মান কোনো কারণে বিনষ্ট হোক– তা তিনি কোনোভাবেই চাইবেন না। হিট প্রকল্পে ব্যক্তিগতভাবে উপ-প্রকল্প প্রস্তাব জমাদানের কোনো সুযোগ নেই। উপ-প্রকল্প প্রস্তাবগুলো শিক্ষকরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি ও উপাচার্যের অনুমোদনের মাধ্যমে জমা দিয়েছেন।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও উপ-প্রকল্প নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভাগীয় প্রধানসহ হিট ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ বুধবার নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসির চুক্তি সই হবে। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের ৫০ দশমিক ৯৬ শতাংশ বহন করবে বাংলাদেশ সরকার। বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ বহন করবে বিশ্বব্যাংক।
- বিষয় :
- ইউজিসি
