সরকারি কলেজ থেকে বাদ গেল খাজা নাজিমুদ্দিনের নাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ১০:৩৯
মাদারীপুর সরকারি নাজিমুদ্দীন কলেজের নাম বদলানো হয়েছে। কলেজটির নতুন নাম ‘মাদারীপুর সরকারি কলেজ।’
বুধবার ঢাকা শিক্ষাবোর্ড থেকে নতুন এ নামের অনুমোদন দেওয়া হয়। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতিসাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, এই কলেজটির নাম পরিবর্তন নিয়ে গত কয়েক দশক মাদারীপুর ছাড়াও দেশের অসংখ্য বিশিষ্টজন দাবি করে আসছিলেন। ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এই দেশে ‘খাজা নাজিমউদ্দিন’ এর নামে সরকারি কলেজের নামকরণ থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে সালাম-বরকত-রফিক-জব্বারের রক্ত ঝরলেও খাজা নাজিমউদ্দিনের অবস্থান ছিল বাংলা ভাষার বিরুদ্ধে। ১৯৪৮ সালে মাদারীপুরে তিনি নিজের নামে এ কলেজের নামকরণ করেন।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এর আগে আধাসরকারি পত্রে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছিলেন। তখন প্রধানমন্ত্রী এতে তার সম্মতি দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পত্র দেওয়া হয়। এরই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত হলো।