স্মরণসভায় বক্তারা
সব মুসলিম রাষ্ট্রকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে
আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। ছবি: শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৮:৪৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ১৯:৪২
আয়াতুল্লাহ আলি খামেনির দর্শনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী বলেছেন, সাম্রাজ্যবাদী অপশক্তিকে প্রতিহত করতে বাংলাদেশ ও ইরানসহ সব মুসলিম রাষ্ট্রকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইনসাফ গার্ডের উদ্যোগে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুসলিম উম্মাহকে সব ভেদাভেদ ভুলে এক পতাকাতলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান বক্তব্যে মুসলিম উম্মাহর ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই।
স্মরণসভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, আজাদ পার্টির আহ্বায়ক কর্নেল (অব.) হাসিনুর রহমান, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির প্রমুখ।
- বিষয় :
- আয়াতুল্লাহ আলি খামেনি