সংলাপে বক্তারা
ঢাকায় মাঠ-পার্ক কমছে, সুস্থ বিকাশ বাধাগ্রস্ত
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গ্রীন ভয়েস আয়োজিত ‘খেলার মাঠ, পার্ক, উন্মুক্ত স্থান আর গণপরিসর : তারুণ্যের অধিকার না দায়’ শীর্ষক সংলাপ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ২১:১৭
ঢাকায় খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান ভয়াবহভাবে কমে যাচ্ছে। এতে তরুণদের সুস্থ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত দিয়েছেন নগরবিদ, সাংবাদিক ও তরুণ সংগঠকরা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গ্রীন ভয়েস আয়োজিত ‘খেলার মাঠ, পার্ক, উন্মুক্ত স্থান আর গণপরিসর : তারুণ্যের অধিকার না দায়’ শীর্ষক সংলাপে এ কথা বলা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৫ সালে ঢাকায় সবুজ ও উন্মুক্ত জায়গা ছিল ৫২ দশমিক ৪৮ বর্গকিলোমিটার, যা ২০২৩ সালে নেমে এসেছে মাত্র ২৯ দশমিক ৮৫ বর্গকিলোমিটারে। বর্তমানে রাজধানীতে প্রতি হাজার মানুষের জন্য উন্মুক্ত স্থান রয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য দুই একর, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় নগণ্য। বিদ্যমান মাঠ-উদ্যানও দখল ও তালাবদ্ধ থাকায় নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
স্থপতি ইকবাল হাবিব বলেন, উন্মুক্ত স্থান রক্ষা শুধু বিনোদনের বিষয় নয়, এটি তরুণদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক বিকাশের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সাংবাদিক শুভ কিবরিয়া মনে করেন, গণপরিসর রক্ষা সামাজিক ন্যায্যতার প্রশ্ন। তরুণরা এগিয়ে এলে জনচাপ তৈরি হবে, যা মাঠ-উদ্যান দখল ও অব্যবস্থাপনা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, নগরায়ণ ও দখলবাজির কারণে উন্মুক্ত স্থান কমে যাচ্ছে। এর ফলে তরুণ প্রজন্ম বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে, নারী ও শিশুরাও নিরাপদ খেলার জায়গা পাচ্ছে না। এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, একইসঙ্গে তরুণরা নানা অসামাজিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে।
তরুণদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বিদ্যমান মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান রক্ষা ও সংখ্যা বৃদ্ধি, দখলমুক্তকরণ ও নগর বন সৃষ্টির উদ্যোগ নেওয়া, অব্যবহৃত স্থান গণপরিসর হিসেবে ব্যবহার, প্রস্তাবিত আঞ্চলিক পার্ক ও ইকোপার্ক দ্রুত বাস্তবায়ন, নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ, খেলার মাঠ দখল করে গড়ে ওঠা পাবলিক ক্লাব উচ্ছেদ এবং ছাদ বাগান ও সবুজ ভবন তৈরিতে প্রণোদনা দেওয়া।
