ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুর্যোগে আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ শুরু

দুর্যোগে আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ শুরু
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০০

দুর্যোগে আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ শুরু হয়েছে। আজ মঙ্গলবার শুরু হলো দুই দিনব্যাপী অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের তৃতীয় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম। ‘বহুমুখী দুর্যোগ প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত এবং স্থানীয়ভাবে পরিচালিত আগাম সাড়াদান কার্যক্রম’ প্রতিপাদ্য নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রম টাস্কফোর্সের নেতৃত্বে এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সহযোগিতায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আয়োজকেরা জানান, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম বাস্তয়নে সক্ষমতা বাড়ানো এই সংলাপের মূল লক্ষ্য।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ আকমাল শরীফ, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড, দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুল ইসলাম, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং ইউরোপীয় কমিশনের অফিস প্রধান, ডেভিড জাপা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান টাস্কফোর্সের চেয়ারপার্সন কেএম আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুকির কেন্দ্রবিন্দুতে। তাই এসব মোকাবিলার জন্য জনগণের সর্বোত্তম অংশগ্রহ প্রয়োজন যা তাদের চাহিদা পূরণ করবে। ক্ষতি হ্রাস করতে, জীবন রক্ষা করতে এবং সম্প্রদায়ের জীবিকা রক্ষার জন্য এটি স্থানীয়ভাবে পরিচালিত এবং স্থানীয়ভাবে গ্রহণ করতে হবে। নিঃসন্দেহে, আমাদের দেশে পূর্বাভাস ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশ সকলের জন্য আগাম সতর্কতা বাস্তবায়নকারী অন্যতম একটি দেশ যা সকলের জন্য আগাম সতর্কতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। এটি আমাদেরকে আরও দায়বদ্ধ করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত লক্ষ্য-ভিত্তিক, সময়োপযোগী, উপযুক্ত পূর্বাভাস এবং আগাম সতর্কতাবার্তা পৌঁছানোর জন্য নিশ্চিত করার জন্য।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আজকের তরুণ প্রজন্ম দেশের পথপ্রদর্শক। দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা যে কোনও সংকটে প্রথম এগিয়ে আসে। সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামকে (সিপিপি) একটি মডেল হিসাবে গ্রহণ করে, আমাদের দেশে স্বেচ্ছাসেবা কার্যক্রমকে দেশব্যাপী প্রসারিত করতে হবে। এরই ধারাবাহিকতায়, আমি সকল অংশগ্রহণকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের সংস্থা, রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট, আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় এনজিও, বেসরকারি খাত, কমিউনিটি প্রতিনিধি, গবেষক এবং শিক্ষাবিদদের স্বাগত জানাতে চাই। আসুন গঠনমূলক আলোচনা, সৃজনশীল সমাধান এবং বাস্তব উদ্যোগের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে একটি সাফল্যমণ্ডিত করি যা আমাদের নিরাপদ ভবিষ্যতের দিকে পরিচালিত করবে।

দুই দিনব্যাপী এই আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, রেড ক্রস/রেড ক্রিসেন্ট মুভমেন্ট, জাতিসংঘ সংস্থাগুলো, আন্তর্জাতিক/দেশি এনজিও, কমিউনিটিভিত্তিক সংগঠন, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি, বেসরকারি সংস্থা এবং সাংবাদিকসহ প্রতিদিন প্রায় ২০০ জন এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সরকার এবং অংশীদারদের সমন্বয়ে আগামী দিনের জন্য প্রতিশ্রুতি এবং মাইলফলক নির্ধারণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

উল্লেখ্য, উন্নত পূর্বাভাস ও সতর্কবার্তার ভিত্তিতে সম্ভাব্য দুর্যোগের আগেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঝুঁকি কমানোই পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের মূল লক্ষ্য। ২০১৮ সালে পূর্বাভাসভিত্তিক সাড়দান প্রক্রিয়া বাস্তবায়নকারী অংশীদারদের সমন্বয়ে অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়, যা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের অন্তর্ভুক্তি এবং প্রসারে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

×