ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

এই মুহূর্তে বেশি কিছু বলতে পারব না: স্বাস্থ্যের ডিজি

এই মুহূর্তে বেশি কিছু বলতে পারব না: স্বাস্থ্যের ডিজি
×

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খুরশীদ আলম-ইউএনবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০৮:০৭ | আপডেট: ২৬ জুলাই ২০২০ | ১০:৪৭

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ‘এই মুহূর্তে বেশি কিছু বলতে পারবেন না’ বলে জানিয়েছেন। তবে তিনি ভালো করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

রোববার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সচিবালয়ে খুরশীদ আলম সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করবো। খবর ইউএনবির

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন মহাপরিচালক বলেন, ‘আমি আজ দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী ও সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করলাম। উনারা কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আরও নির্দেশনা দেবেন।’

তিনি আরও বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পর মিডিয়াকে অফিসিয়ালি ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করবেন। তবে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারব না।’

করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এই দায়িত্বে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. খুরশীদ আলম।

সব আনুষ্ঠানিকতা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ডা. আজাদের সঙ্গে চুক্তি বাতিল করে তার চাকরির অবসান হওয়ার কথা জানায়।

আরও পড়ুন

×