নকল মাস্ক: ঢাবির সহকারী রেজিস্ট্রার শারমিন সাময়িক বরখাস্ত
শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত- ফোকাস বাংলা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০৯:১২ | আপডেট: ২৬ জুলাই ২০২০ | ০৯:৪১
শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে মামলা-রিমান্ডে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানকে। এ ঘটনায় মোছাম্মৎ শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানের শিক্ষা ছুটিত থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকরি শৃঙ্খলা পরিপন্থী। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ড থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে শারমিন জাহানকে সাত কার্যদিবসের মধ্য কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।