ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সন্ত্রাস দমন আইনে সাবেক দুই এমপিসহ গ্রেপ্তার ১৩

সন্ত্রাস দমন আইনে সাবেক দুই এমপিসহ গ্রেপ্তার ১৩
×

.

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৫৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪২

| প্রিন্ট সংস্করণ

সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা হয় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল, সংরক্ষিত আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী, শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সভাপতি মানিকুরুর রহমান, জাতীয় শ্রমিক লীগের নেতা আব্দুর রাজ্জাক শাকিল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক আলম মাতবর, শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য সাইফুল ইসলাম, ঝিনাইদহ জেলার মহেশপুর থানা যুবলীগ সদস্য মকছেদ, চুয়াডাঙ্গা জেলার জীবননগরের রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য কায়েম হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য নজরুল ইসলাম সুমন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ, চকবাজার থানার ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য রিয়াজউদ্দীন আহমেদ মানিক, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি মাহবুবুল হক হীরক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবিরকে।

আদালত সূত্রে জানা যায়, রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ডের আদেশ দেন। ঢাকার মিন্টো রোডে মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী হিসেবে মামুনুর রশিদকে গ্রেপ্তারের পর এ আদেশ দিলেন আদালত।

সেই রাব্বিসহ পাঁচজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে গত মে মাসে এক প্রকাশকের বাসা ঘিরে ‘মব’ সৃষ্টির ঘটনায় আটক হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার তৎকালীন আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজন। তখন থানায় গিয়ে নিজের জিম্মায় তাদের ছাড়িয়ে নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সেই রাব্বিসহ পাঁচজনকে মোহাম্মদপুরের বছিলা এলাকার একটি ক্লিনিকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গত রোববার রাতে বছিলা হাউজিং সিটি থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। অন্য চারজন হলেন– হাসিবুর রহমান ফরহাদ, আবদুর রহমান মানিক, আবু সুফিয়ান ও মো. শাহীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বছিলার সেফ হাসপাতালে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ‘সমন্বয়ক’ পরিচয়ে কয়েকজন উত্তেজনা তৈরি করে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে হাসপাতাল মালিকের ফোন পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন। এরপর তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রাব্বির নামে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। রাব্বি মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন। 

আরও পড়ুন

×