ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি

ঢাকায় ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১০:১৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ১৫:১০

ঢাকায় টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে শুরু হওয়া বৃষ্টি চলে আজ বুধবার সকাল পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার, যা এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। 

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসমুখী মানুষ ও পথচারীরা।

রাজধানীর পাশাপাশি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। সারাদিনই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, “ঢাকায় ছয় ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে তা সম্ভবত এ বছর ঢাকায় এখন পর্যন্ত সর্বোচ্চ।”

এই আবহাওয়াবিদ আরও জানান, পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও এই বৃষ্টি তার কারণে নয়। মূলত গভীর সঞ্চারণশীল মেঘ সৃষ্টি হওয়ায় এ বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি থাকতে পারে।

আরও পড়ুন

×