সেই রায়হানের পাশে আইন ও সালিশ কেন্দ্র (আসক)
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ১১:০০ | আপডেট: ০১ আগস্ট ২০২০ | ০৯:২১
গণমাধ্যমে অভিবাসীদের ওপর মালয়েশিয়া সরকারের নিপীড়নমূলক আচরণের চিত্র তুলে ধরায় বাংলাদেশি অভিবাসী রায়হান কবিরকে গ্রেপ্তার করার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রায়হানকে আইনি সহায়তা প্রদানের দাবি জানিয়েছে সংস্থাটি।
গত ৩ জুলাই, 'লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট' শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ প্রতিবেদনে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী রায়হান কবির একটি সাক্ষাৎকার প্রদান করেন। এ সাক্ষাৎকারে তিনি মালয়েশিয়ার সরকার মুভমেন্ট কনট্রোল অর্ডার (এমসিও) এর মাধ্যমে মহামারীর এ সময়ে অভিবাসীদের প্রতি কিরুপ বৈষম্যমূলক আচরণ করছে তার চিত্রতুলে ধরেন। এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপর মালয়েশিয়ায় সরকার তাকে গ্রেপ্তার করে। এ গ্রেপ্তারের ঘটনায় দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। বাংলাদেশ সরকারের কাছে দেশিয় মানবাধিকার সংগঠনগুলো রায়হানকে সব ধরণের সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানায়। কিন্তু সম্প্রতি সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী দেশের প্রতি সরকারের দায়িত্বকে গুরুত্ব দিয়ে বলেছেন, রায়হানের ব্যাপারে কোনো অবস্থান নিয়ে পুরো শ্রমবাজারকে ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। সরকারের দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন মন্তব্য দুঃখজনক।
আসক মনে করে, গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে নিজেদের প্রতি বৈষম্যমূলক আচরণের চিত্র তুলে ধরে রায়হান কোনো অপরাধও করেননি। মালয়েশিয়ার সরকার অভিবাসীদের বিরুদ্ধে নিজেদের অন্যায় নীতি প্রকাশিত হওয়ায় রায়হানের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকারের অবশ্যই এর প্রতিবাদ জানানো উচিত এবং আইনগতভাবে রায়হানকে সহগযোগিতা প্রদান করা উচিত। আসক সরকারকে এ বিষয়ে দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।
- বিষয় :
- আসক