ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ্রুত নির্বাচনের তপশিল ঘোষণার দাবি বাসদের

দ্রুত নির্বাচনের তপশিল ঘোষণার দাবি বাসদের
×

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোষণ, লুণ্ঠন ও সাম্প্রদায়িক উন্মাদনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় মিছিল করে বাসদ - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ০৭:৫১ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে অবিলম্বে নির্বাচনের তপশিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানান দলটির নেতারা।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, সদস্য কমরেড জুলফিকার আলী প্রমুখ।

সমাবেশে বাসদ নেতারা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলেও সম্প্রতি তা বানচালের নানামুখী ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। খুনাখুনিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র দেশকে আরও ভয়ানক সংকটে ঠেলে দেবে। এ সময় তারা দ্রুত নির্বাচনের তপশিল ঘোষণার দাবি জানান।

বাসদ নেতারা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে দেশের জনগণ বারবার গণবিরোধী স্বৈরাচারী সরকার হটিয়েছে, অভ্যুত্থান করেছে। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে আন্দোলনের সুফল ঘরে তুলতে না পেরে বারবার প্রতারিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা রক্ত দিয়ে যে অভ্যুত্থান করে স্বৈরাচারী সরকারকে হটালো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারাও গণমানুষের স্বার্থের বদলে সংস্কার, আদেশ, গণভোট ইত্যাদি অপ্রয়োজনীয় বিতর্কে সময় ক্ষেপণ করছে।

শ্রমিকের চাকরি, মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বেকারত্ব দূর, প্রবাসীদের যন্ত্রণা লাঘব, ছাত্রদের শিক্ষার খরচ কমানো, ওষুধের দাম ও চিকিৎসা ব্যয় কমানো, নারী লাঞ্ছনা, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্র কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। 
সমাবেশ শেষে বাসদ নেতাকর্মীরা লাল পতাকা মিছিল বের করেন।

আরও পড়ুন

×