ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গুম-খুন-মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

গুম-খুন-মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না
×

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১৮:২৭

আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন-অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে এ নিয়োগ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন- বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

নিয়োগ পাওয়ার পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার পক্ষে মামলার পরিচালনার জন্য প্রোপার ডিফেন্স টিম দরকার। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। একাত্তর সালে যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাঁর আহ্বানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমার মনে হয়েছে, তার কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা পরিচালনার জন্য আরও প্রোপার ডিফেন্স দরকার।’
  
জেডআই খান পান্না বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি আগে থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার আগ্রহ প্রকাশ করেছিলেন। গত আগস্টেও তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন, তবে সেসময় ট্রাইব্যুনাল-১ তাঁর আবেদন খারিজ করেছিলেন।

গত ১৫ বছর গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন আগামী ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

আরও পড়ুন

×