ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তথ্য উপদেষ্টা বললেন

অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে

অপতথ্যের বিরুদ্ধে  গণমাধ্যমকে শক্ত  অবস্থান নিতে হবে
×

মো. মাহফুজ আলম

বাসস

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দূর করতে হবে।

গতকাল বাংলাদেশ প্রেস কাউন্সিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’বিষয়ক এ আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

গুজবের ব্যাপকতা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, জেনেশুনে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে অপতথ্যের ব্যাপকতা ঘনীভূত হয়েছে। ভূমিকম্প সম্পর্কিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, কিছু গণমাধ্যম ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পরিবর্তে প্যানিক (আতঙ্ক) ছড়িয়েছে। এটি দুঃখজনক।

তিনি বলেন, গণমাধ্যমের ওপর জনগণের আস্থা না থাকলে যে কেউ যে কোনো তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য গণমাধ্যমের ওপর জনআস্থা ফেরাতে হবে। 

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। আরও বক্তব্য দেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। কর্মশালায় ৫০ জন সাংবাদিক অংশ নেন, পরে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন

×