ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারীরা চলাফেরা-আচরণে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, তা কল্পনা করা যায় না: দেবপ্রিয়

নারীরা চলাফেরা-আচরণে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, তা কল্পনা করা যায় না: দেবপ্রিয়
×

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত একটি সংলাপে বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ১৯:৫৪

দেশের নারীরা এখন কোথাও আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক নিরাপদ অনুভব করছেন না বলে মন্তব্য করেছেন সিপিডির বিশিষ্ট ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, নারীরা আগের চেয়ে চলাফেরা, আচরণের ক্ষেত্রে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, তা কল্পনা করা যায় না।

বুধবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘চ্যালেঞ্জিং সোশ্যাল নমর্স অ্যান্ড পাওয়ার ডায়নামিকস: টুওয়ার্ডস এ ফেয়ার-ফ্রি ফিউচার’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

১৬ দিনের কর্মসূচি উপলক্ষে এই সংলাপের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংলাপে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ঢাকা শহর তো কিছুই না, মফস্বলে নারীরা সামাজিক নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিবার, সমাজ, প্রশাসন—কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। এ সময় প্রাথমিক বিদ্যালয়গুলোয় সংগীতে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য জানান, কয়েক সপ্তাহ ধরে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা ঢাকার বাইরে প্রাক্‌–নির্বাচনী সভা করছেন। সভার উদ্দেশ্য, আগামী সরকারের কাছে জগণের প্রত্যাশা ও নির্বাচন কমিশন কতখানি কাজ করতে পারবে, তা নিয়ে মানুষ কী ভাবছে, তা বোঝা। 

তিনি বলেন, এসব আলোচনায় প্রথম দিকে সুশাসন ও দুর্নীতিটা জনগণের কাছে খুব বড় বিষয় ছিল। তবে এখন এক নম্বরে রয়েছে নিরাপত্তার বিষয়টি। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক—এই চার ধরনের নিরাপত্তার কথা উঠে আসছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আপনারা কল্পনা করতে পারবেন না মফস্বলের ওই সব নারী কীভাবে একটি নিরাপদ জায়গা খোঁজেন, যেখানে এসে কথাগুলো বলতে পারেন।…হিজড়া সম্প্রদায় যে কথা বলে, ওরা তো আত্মগোপনে চলে গেছে। অন্য যেসব ধর্মীয় মতবাদ আছে, তারা তো আত্মগোপনে চলে গেছে। মিটিং করতে চাইলে বলে, “দাদা, মিটিং করার দরকার নেই। আমরা এখন রাডারের নিচে থাকি। মিটিং করলে আরও সমস্যা হবে।”’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ভেতরে অর্থনৈতিক, সামাজিক বৈষম্য বেড়েছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে এবং তার বহুলাংশই হলেন নারী। 

তিনি বলেন, সমাজের সঙ্গে নারীদের অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও পূর্ণবিকাশের জায়গাগুলো থমকে যাচ্ছে। 

রাজনৈতিক মতবাদের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা বেশি নিরাপত্তীহীন উল্লেখ করে তিনি বলেন, এই উত্তরণের সময়ে নারীরা রাজনৈতিক মত প্রকাশ করার ক্ষেত্রে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুন

×