ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউনিসেফ-সুইডেন সরকারের গবেষণা

পাচার রোধে সার্বজনীন শিশুসুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

পাচার রোধে সার্বজনীন শিশুসুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ২২:৪৭

পাচার রোধে সার্বজনীন শিশুসুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর জন্য জাতীয় কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা, ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাবের’ মতো প্রতিরোধ প্ল্যাটফর্ম বিস্তৃত করা, জেলা পর্যায়ে কার্যকর ‘চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড’, ‘প্রোটেকশন কমিটি’ ও ‘কাউন্টার ট্রাফিকিং কমিটি’ এবং জন্মনিবন্ধনকে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সেবার সঙ্গে যুক্ত করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ এবং সুইডেন সরকারের আর্থিক সহায়তায় প্রণীত ‘স্টপিং দ্য ট্রাফিক ২০২৫’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়।

প্রতিবেদনে সামাজিক সেবাকর্মী বাড়ানোর সুপারিশ করা হয়। এতে বলা হয়, মাঠপর্যায়ে ও মোবাইল টিমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশু, বিশেষ করে পথশিশু, জলবায়ু–ঝুঁকিতে থাকা বা দূরবর্তী অঞ্চলের শিশুদের কাছে পৌঁছাতে হবে। দুর্যোগ–ঝুঁকি হ্রাস কর্মসূচিতে শিশুসুরক্ষা সংযুক্ত করতে হবে। আগাম সতর্কতা ব্যবস্থা, শহুরে বস্তি–সেবা, শক–রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশনসহ সবখানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এতে বিচারপ্রক্রিয়া ও জবাবদিহি শক্তিশালীকরণের সুপারিশও করা হয়। প্রতিবেদনে বলা হয়, অ্যান্টি-ট্রাফিকিং ট্রাইব্যুনালকে শক্তিশালী করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সদস্যদের শিশু–সংবেদনশীল পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। ‘ন্যাশনাল রেফারেল মেকানিজম’ পুরোপুরি কার্যকর করা এবং বেঁচে ফেরা ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এতে বলা হয়, কমিউনিটি–স্তরে সচেতনতা ও সামাজিক মানসিকতার পরিবর্তন, কিশোর–কিশোরীদের জন্য নিরাপদ অভিবাসন ও ডিজিটাল নিরাপত্তা শিক্ষা সম্প্রসারণ, মধ্যস্বত্বভোগী ও অননুমোদিত রিক্রুটারদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং হটলাইন ও রিপোর্টিং চ্যানেল সম্প্রসারণ করতে হবে।

ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন প্রধান নাতালি ম্যাককলির পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের, সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)’ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ সাদিকুল হক, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সানজিদা আখতার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাচার প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। পাচার প্রতিরোধে সফল হতে চাইলে সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার, কমিউনিটি এবং সুরক্ষাকর্মীদের একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন

×