বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৯
দেশের স্বাস্থ্যখাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতীক ইজাজ (দেশ রূপান্তর) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি নির্বাচিত হয়। সভা শেষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএইচআরএফ নির্বাচন–২০২৬-এর চেয়ারম্যান আবুল খায়ের।নির্বাচন পরিচালনায় কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মনিরুজ্জান উজ্জ্বল ও কবির আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী কোর কমিটি আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করে।
নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আয়নাল হোসেন (সিটিজেন জার্নাল) ও মোহাম্মদ আল আমিন (ডেইলি সান)। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদ কমল (মাছরাঙা টেলিভিশন)। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজাদুল আদনান (আমার দেশ)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তবিবুর রহমান (সমকাল)। দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদল হাসান (কালবেলা)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টেলিভিশন), বুদ্ধদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), তাওসিয়া তাজমিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–টিবিএস) ও নেসার উদ্দিন আহাম্মদ। এর আগে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সাবেক অর্থ সম্পাদক মো. বায়েজদী মুন্সী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন নিয়ে আলোচনার পর সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, স্বাস্থ্যখাতের নীতি-সংকট, ব্যবস্থাপনার জটিলতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার করাই নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও সক্রিয় করার অঙ্গীকার করেন তারা।
নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম স্বাস্থ্যখাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
- বিষয় :
- নতুন কমিটি
