ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মশালায় গণমাধ্যমকর্মীদের অভিমত

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি
×

এনসিএ'র আয়োজনে কর্মশালাটি বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৭:০০

ভৌগলিক ও আর্থসামাজিক বাস্তবতার কারণে দেশের চরাঞ্চলের মানুষ এখনও মূল স্রোতের উন্নয়ন থেকে পিছিয়ে আছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়তে থাকায় আগামী দিনে এই বৈষম্য আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে জাতীয় নীতি ও পরিকল্পনায় চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই।

মঙ্গলবার ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে ন্যাশনাল চর অ্যালায়েন্সের (এনসিএ) আয়োজনে ‘ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ইন চর এরিয়াস অ্যালং দ্য যমুনা রিভার বেসিন’ শীর্ষক এক কর্মশালায় এমন মত দিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেডক্রসের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন যমুনা প্রকল্পের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রেক্ষাপট তুলে ধরেন যমুনা প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দীন কবির এবং উন্নয়ন সমন্বয় এর গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিএ এর সদস্যসচিব জাহিদ রহমান।

আলোচনায় চরবাসীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, জলবায়ুবান্ধব উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ও সম্ভাবনা, বিশেষ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সামাজিক সেবার চাহিদা এবং চরাঞ্চলের সামষ্টিক অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পায়। এসব ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ এবং তা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সুইস রেড ক্রসের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সঞ্জীব বিশ্বাস সঞ্জয়, বাংলাদেশ সেইফ অ্যাগ্রো ফুড এফোর্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক এবং চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

আরও পড়ুন

×