ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোজায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি শিক্ষক নেতাদের

রোজায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি শিক্ষক নেতাদের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৫:২২

এবার পবিত্র রমজানের প্রায় পুরোটা সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে বার্ষিক ছুটির তালিকা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ শিক্ষকরা। তারা রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।

পরিষদের চারজন আহ্বায়ক এতে সই করেছেন। তারা হলেন– মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, মু. মাহবুবর রহমান ও খায়রুন নাহার লিপি।

এতে বলা হয়েছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা একটি বার্ষিক ছুটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাপ্তরিকভাবে এ ছুটির তালিকার সত্যতা কতটুকু তা নিয়ে তারা সন্দিহান। প্রকাশিত ছুটির তালিকায় কিছু অসংগতিও দৃষ্টিগোচর হয়েছে বলে তারা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত বছরগুলোতে ছুটির মধ্যে শুক্র ও শনিবারকে ০০ দিন হিসেবে গণনা করা হতো। বর্তমান ছুটির তালিকায়ও ২, ৬, ১৩, ২০, ২২, ২৩ নম্বর ক্রমিকের ছুটি শুক্র ও শনিবার হওয়ায় ০০ দিন গণনা করা হয়েছে। কিন্তু ৮ নম্বর ক্রমিকের ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটিতে দুটি শুক্র ও দুটি শনিবারকে ছুটির দিন হিসেবে গণনা করা হয়েছে। ছুটি তালিকার ২৮ নম্বর ক্রমিকে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ১০ দিনের ছুটির মধ্যে শুক্র ও শনিবার গণনা করা হয়েছে। ৮ নম্বর ক্রমিকে চার দিন ও ২৮ নম্বর ক্রমিকে দুদিনসহ মোট ছয় দিন শুক্র-শনিবারকে ছুটির দিন হিসেবে গণনা করা হয়েছে। এ অবস্থায় শিক্ষক ও সচেতন অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, রমজান মাসে প্রাথমিকের অনেক ছাত্রছাত্রীর পক্ষে রোজা রেখে শ্রেণি পাঠদানে অংশগ্রহণ করাও কষ্টকর।তা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে অধিকাংশ নারী শিক্ষক হওয়ার কারণে স্কুল ছুটির পর বাসায় গিয়ে ইফতারের জন্য প্রস্তুতি নেওয়াও  কষ্টসাধ্য। তাই ছুটির তালিকাটি সংশোধন করে পুনরায় প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরও পড়ুন

×