ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আগামী সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে হবে ফোবানা সম্মেলন 

আগামী সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে হবে ফোবানা সম্মেলন 
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৩:২০

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৪০তম সম্মেলন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৪ থেকে ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। হিলটন লস অ্যাঞ্জেলেস ইউনিভার্সাল সিটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।

সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ড. জয়নাল আবেদীন।

তিনি বলেন, এবারের সম্মেলনকে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জয়নাল আবেদীন বলেন, সম্মেলনে ফোবানার সদস্য সংগঠনগুলোর অংশগ্রহণে নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা পরিবেশনায় অংশ নেবেন।

সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সারগর্ভ সেমিনারের আয়োজন করা হয়েছে। যুব উন্নয়ন ও নেতৃত্ব তৈরিতে সেতুবন্ধ গড়ার লক্ষ্যে বিশেষ আলোচনা সভাও থাকবে। এ ছাড়া নারীশক্তি ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্মেলনের অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করা হবে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে থাকবে ফ্যাশন শো ও লাইফস্টাইলভিত্তিক আয়োজন। পাশাপাশি ফোবানা গ্রন্থমেলা, সাহিত্য আসর ও কাব্য জলসা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান মেলা, বাংলাদেশের চারু ও কারুশিল্প প্রদর্শনী এবং বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজনও রয়েছে। অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিয়োগের সম্ভাবনা তৈরিতে থাকবে বিজনেস নেটওয়ার্কিং সেশন। এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ফোরামের নেটওয়ার্কিং কার্যক্রমও সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন

×