১০ মেগা প্রকল্পের ৩৬% বরাদ্দ কমিয়ে এডিপি অনুমোদন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৮:৪১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৮:৪৯
| প্রিন্ট সংস্করণ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। মূল এডিপি বরাদ্দ কমেছে ১৩ শতাংশ। এতে সংশোধিত এডিপি বা আরএডিপির আকার দাঁড়িয়েছে দুই লাখ কোটি টাকা। চলতি অর্থবছর মূল এডিপি ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকার। মেট্রোরেলসহ ১০ মেগা প্রকল্পের বরাদ্দ কমানো হয়েছে ৩৬ শতাংশ। সবচেয়ে বেশি কমেছে স্বাস্থ্য খাতে। এ খাতে বরাদ্দ কমেছে ৭৪ শতাংশ।
গতকাল সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে আরএডিপি অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে ব্রিফিংয়ে আরএডিপির বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এডিপিতে কাটছাঁট প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প অনুমোদনের শর্তে ছয় মাসের মাথায় বাস্তবায়নের গুণমান সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ কারণে বাস্তবায়ন কিছুটা ধীর। আবার রাজনৈতিক পরিবর্তনের পর অনেক প্রকল্প পরিচালক পালিয়ে গেছেন। নতুন করে প্রকল্প পরিচালক নিয়োগ দিতে হয়েছে। এ ছাড়া সরকার বর্তমানে বেশ কিছু বড় প্রকল্প পর্যালোচনা করছে, যার ফলে সেগুলোর বরাদ্দ চাহিদা কমেছে। পাশাপাশি বর্তমান বছরটি নির্বাচনের বছর হওয়ায় মন্ত্রণালয় ও বিভাগগুলো তুলনামূলক কম বরাদ্দ চেয়েছে। এমন বাস্তবতা থেকেই এডিপি ছোট করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের এডিপিতে কাটছাঁটের হার কম। গত অর্থবছরে কাটছাঁটের হার ছিল ১৮ শতাংশ। কমানো হয় ৪৯ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছর এডিপিতে সরকারের নিজস্ব উৎস থেকে ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে। এর ফলে সংশোধিত এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার কোটি টাকা। মূল এডিপিতে যা ছিল এক লাখ ৪৪ হাজার কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক ঋণের উৎস থেকে বরাদ্দ ৮৬ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৭২ হাজার কোটি টাকা করা হয়েছে।
সংশোধিত এডিপি পর্যালোচনায় দেখা যায়, সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৯ দশমিক ২৫ শতাংশ। তবে এ খাতের মেট্রোরেলসহ ১০ মেগা প্রকল্পে বড় অঙ্কের কাটছাঁট হয়েছে। সবচেয়ে বেশি কাটছাঁট হওয়া স্বাস্থ্য খাতের বরাদ্দ ১৮ হাজার ১৪৮ কোটি টাকা থেকে কমিয়ে আরএডিপিতে রাখা হয়েছে মাত্র চার হাজার ৭১৮ কোটি টাকা।
সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩০টিতে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ১০৮টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২১টি ও স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প ৬৬টি। আগামী জুনের মধ্যে সমাপ্ত হওয়ার তালিকায় রাখা হয়েছে ২৮৬টি। বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তার আওতায় ৩০ হাজার ১৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সিটি করপোরেশনের প্রকল্প বাবদ আট হাজার ৯৫৩ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সে হিসাবে আরএডিপির মোট আকার দাঁড়ায় দুই লাখ আট হাজার ৯৩৫ কোটি ৩৬ লাখ টাকা।
