জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
মানবতাবিরোধী অপরাধের মামলায় জব্দ আলামত প্রদর্শন হবে
র্যাবের টিআইএফ সেল পরিদর্শনের অনুমতি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ০৮:৩৮
| প্রিন্ট সংস্করণ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিভিন্ন মামলায় জব্দ করা আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এক মাস প্রদর্শন করা হবে। আলামতের মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের সময়ে হতাহত ব্যক্তিদের রক্তমাখা পোশাক, নির্যাতন চালানোর চেয়ার, অস্ত্র, গুলি ইত্যাদি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ গতকাল বুধবার আলামতগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।
আদেশের পর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে বর্তমান সরকার ঘোষণা করেছে এবং তার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ জানুয়ারি সেটি উদ্বোধন করা হবে। জাদুঘর কর্তৃপক্ষ আলামতগুলো প্রদর্শনের জন্য প্রসিকিউশনের মাধ্যমে আবেদন করার পর ট্রাইব্যুনাল এক মাস প্রদর্শনের অনুমতি দিয়েছেন।
র্যাবের টিআইএফ সেল পরিদর্শনের অনুমতি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শনে শর্তসাপেক্ষে অনুমতি পেয়েছেন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এই আদেশ দেন। তবে শর্তে বলা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জানিয়ে পরিদর্শন করতে হবে এবং পরিদর্শনের সময় প্রসিকিউশন চাইলে সেখানে উপস্থিতও থাকতে পারবে।
টিএফআই সেল পরিদর্শনের আবেদনের ওপর শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. তাবারক হোসেন। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পরে আইনজীবী তাবারক হোসেন সাংবাদিকদের বলেন, র্যাবের টিএফআই সেলকে এ মামলার অপরাধের ঘটনাস্থল হিসেবে ফরমাল চার্জে উল্লেখ করেছে প্রসিকিউশন।
আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট ১৪ জনকে গুম করার ঘটনায় ১৭ আসামির বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। গুমের ঘটনাগুলো ঘটেছিল ২০১৬ সালের ২৩ মে থেকে ২০২৪ সালের ৬ আগস্টের মধ্যে। আগামী ২১ জানুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের তারিখ ধার্য আছে।
- বিষয় :
- জাদুঘর
