দেশগড়ার ব্রতে অঙ্গীকারবদ্ধ হয়ে ১৫ আগস্ট পালনের আহ্বান ওবায়দুল কাদেরের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৬:৫০ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ০৭:০৬
কোনো ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য যেন জাতীয় শোক দিবসের পরিবেশ বিনষ্ট না হয় এবং চিরায়ত ঐতিহ্য আওয়ামী লীগের মূল্যবোধ যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার মহান ব্রতে অঙ্গীকারবদ্ধ হয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের এক বৈঠকে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের পটভূমিতে দাঁড়িয়ে জাতীয় শোক দিবস এসেছে। এ উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে। দেশের সব প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মীদের প্রতি জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান তনি।
সততা, সফলতা এবং সাহসিকতার সঙ্গে করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
- বিষয় :
- ওবায়দুল কাদের
- ১৫ আগস্ট