সংসদ নির্বাচন, গণভোট
রংপুর ও রাজশাহী পরিদর্শন সেনাবাহিনী প্রধানের
ওয়াকার-উজ-জামান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট উপলক্ষে গতকাল মঙ্গলবার রংপুর ও রাজশাহী পরিদর্শন করেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম দেখতে এই পরিদর্শন তাঁর।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে সভায় ঊর্ধ্বতন সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) একই ধরনের মতবিনিময় সভা হয়। এ সময় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ওয়াকার-উজ-জামান
