ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল
×

ঢাবিতে ঝাড়ু মিছিল। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৭ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩২

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘অপমানজনক’ মন্তব্যের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছেন নারী শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই নারীকে অবমাননার মাধ্যমে সমাজে বিভাজন তৈরি করছে। কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে এবং এই বক্তব্যের জন্য সংশ্লিষ্টদের জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তারা স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

ছাত্র ফেডারেশনের নেত্রী সীমা আক্তার বলেন, দেশে নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে হয়রানি ও আক্রমণের শিকার হতে হচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ভুয়া ও বট আইডির মাধ্যমে নারীদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।

শিক্ষার্থী সুস্মিতা সরকার বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যা ক্ষমার অযোগ্য। তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, শনিবার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। সেখানে শফিকুর রহমানের এক্স আইডি ‘হ্যাক’ করে ওই পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন

×