ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কল্যাণ রাষ্ট্র গড়তে চাই সুষম ও ন্যায্য উন্নয়ন পরিকল্পনা

কল্যাণ রাষ্ট্র গড়তে চাই সুষম ও ন্যায্য উন্নয়ন পরিকল্পনা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের পর গণমানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে সুষম ও ন্যায্যতাভিত্তিক উন্নয়ন, বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নগর ও গ্রামীণ পরিকল্পনা, টেকসই পরিবেশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া উচিত আগামী নির্বাচিত সরকারের মূল অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে রাজধানীকেন্দ্রিক উন্নয়নের বৃত্ত থেকে বেরিয়ে জেলা-উপজেলা পর্যায়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে। সারা দেশের স্থানিক ও আঞ্চলিক পরিকল্পনা করতে হবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত ‘গণমানুষের ইশতেহার’ শীর্ষক অনলাইন অনুষ্ঠানে এমন বক্তব্য উঠে আসে। জুম প্লাটফর্মে এ অনুষ্ঠানে ইশতেহার উত্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

গণমানুষের ইশতেহারের প্রধান লক্ষ্যগুলোতে বলা হয়, একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে নাগরিকের মৌলিক অধিকার বাস্তবে কার্যকর হবে। এ ছাড়া সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমিয়ে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা; ন্যায্য উন্নয়নের মাধ্যমে সব মানুষের জীবনমান উন্নয়ন; রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগের স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়সঙ্গত ব্যবহার এবং প্রান্তিক, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত করে গণতন্ত্র, নাগরিক অংশগ্রহণ, সুশাসন ও জবাবদিহি শক্তিশালী করার দাবি উঠে আসে ইশতেহারে। 
ইশতেহারে সাম্য ও সামাজিক ন্যায়, সুষম ও অঞ্চলভিত্তিক উন্নয়ন, পরিকল্পনা, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন ও গণতন্ত্র এবং তরুণ, অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্প, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ, নদী-জলাশয়, আবাসন, পরিবহনসহ বিভিন্ন খাত ও বিষয়ভিত্তিক প্রস্তাবনা তুলে ধরা হয়। 
অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, স্থানিক পরিকল্পনার আইনগত ভিত্তি দিয়ে তার ওপর আঞ্চলিক ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন করা হলে দেশের উন্নয়ন টেকসই হবে।

আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ বলেন, সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী নগর ও স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করা জরুরি। 
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও পরিবেশবিদ কে এম আসিফ ইকবাল আকাশ বলেন, রাজনৈতিক ইশতেহারে পরিকল্পনা নিয়ে সুস্পষ্ট ঘোষণা নেই। 
 

আরও পড়ুন

×