প্রণয় ভার্মা বললেন
জনগণকে কেন্দ্রে রেখে সহযোগিতায় আগ্রহী ভারত
প্রণয় ভার্মা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩০
জনগণকে কেন্দ্রে রেখে সহযোগিতায় আগ্রহী ভারত। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে সহযোগিতা করতে চায় দেশটি।
গতকাল রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এ মন্তব্য করেন। তিনি জানান, সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল তাঁর প্রথম বৈঠক। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ।
প্রণয় ভার্মা বলেন, নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা জানেন। নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একই দিন পরে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে।
ভারতের হাইকমিশনার বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ভারতের লোকসভার স্পিকার ঢাকায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ওই বৈঠকে লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।
প্রণয় ভার্মা বলেন, এসব যোগাযোগে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছি। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আবারও বলেছি, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী। আমি জানিয়েছি, পারস্পরিক স্বার্থ ও সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগামী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকে কেন্দ্রে রেখে সহযোগিতা করতে চাই।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে ভারত সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের জনগণের স্বার্থে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দূরদর্শী এবং ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের ইচ্ছার কথা বৈঠকে উল্লেখ করেছেন। শিগগির নয়াদিল্লি সফরে যেতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে আমন্ত্রণের কথা প্রণয় ভার্মা খলিলুর রহমানকে জানিয়েছেন।
- বিষয় :
- ভারত
- প্রণয় ভার্মা
