মুখে হাওয়া মেশিন ঢুকিয়ে শ্রমিক হত্যা, মায়ের সামনে যুবক খুন
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারীতে মুখে হাওয়া মেশিন ঢুকিয়ে সজীব শরীফ নামে এক মিল শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে মায়ের সামনে ছুরিকাঘাতে মো. সাব্বির নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ছাড়া বুধবার ও মঙ্গলবার দেশের আরও কয়েকটি স্থানে একাধিক খুনের ঘটনা ঘটেছে।
পরিবারের জমি কেনায় হত্যা
নিহত সাব্বির রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিলপাড়ার মো. শাহিনের ছেলে। বুধবার দুপুরে একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মাদকাসক্ত মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটান। স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই জাসন সাব্বিরের পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন। ক্ষোভে গত মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। এ নিয়ে বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরের মা বুলবুলির সঙ্গে প্রতিবেশী জাসনের মা শিরিনের ঝগড়া চলছিল। ওই সময় সাব্বির নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় জাসন ছাদ থেকে নেমে সাব্বিরের বুকে ছুরিকাঘাত করে। প্রত্যক্ষদর্শী সাব্বিরের খালা তামান্না জানান, সাব্বিরের বুকে ছুরিকাঘাত করে জাসন ছুরি ঘুরাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সাব্বিরকে তাঁর হাত থেকে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুখে হাওয়া মেশিন ঢুকিয়ে হত্যা
বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরায় অবস্থিত জনতা জুট মিলের শ্রমিক ছিল মো. সজীব শরীফ (১৩)। গত সোমবার রাত ১০টার দিকে জনতা জুট মিল ছুটি হওয়ার আগমুর্হূতে সজীব ও তার সহকর্মী রিহাদ হাওয়া মেশিন দিয়ে মিলের আঙ্গিনা পরিষ্কার করছিল। এক পর্যায়ে রিহাদ দুষ্টুমি করে সজীবের মুখে হাওয়া দেয়। এতে সজীব অসুস্থ হয়ে পড়ে। শুরুতে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় সজীবের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু ঘটে।
সৌদি যাচ্ছিলেন, বখাটের হাতে খুন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শুভ মিয়া (২২)। চলতি রমজানেই বাবার কর্মস্থল সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শুভ। গত মঙ্গলবার রাতে এলাকার বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন তিনি।
শুভর চাচা খায়রুল ইসলাম, প্রতিবেশী হাদিউল ইসলামসহ এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শুভদের বাড়িতে বখাটেরা ঢিল ছুড়তে থাকে। তারাবির নামাজ থেকে এসে শুভ ও খায়রুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করেন। খায়রুল ঘরে চলে যাওয়ার পর বখাটেরা শুভকে একা পেয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই শুভকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুলাল (৫৬) নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। দুলালের ছেলে ওসমান গনি (২০) জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত (২০) এসে তাঁকে পিঠে থাপ্পড় দেয়। সেও দুষ্টুমি করে সাজিতকে থাপ্পড় দিলে সে তার পরিবারকে জানায়। তার পরিবারের লোকজন ওসমানকে এসে মারধর করছিল। এ সময় তাঁর বাবা তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। তাঁর বাবাকে উদ্ধার করে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধিরা)
- বিষয় :
- হত্যার রহস্য উদ্ঘাটন
