ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর জন্য যমুনাই চূড়ান্ত, ১৭ মন্ত্রী-উপদেষ্টার বাসা বরাদ্দ

প্রতিমন্ত্রীরা থাকবেন মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে

প্রধানমন্ত্রীর জন্য যমুনাই চূড়ান্ত, ১৭ মন্ত্রী-উপদেষ্টার বাসা বরাদ্দ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৪২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থাকবেন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে দিলে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সেটাকে সজ্জিত করা হবে। এ জন্য মাসখানেক সময় লাগতে পারে। 

এ ছাড়া ১৭ মন্ত্রী উপদেষ্টার জন্য বাসাও চূড়ান্ত করেছে আবাসন পরিদপ্তর। কিছু বাড়িতে আগামী মার্চেই তারা বসবাস শুরু করতে পারবেন। কয়েকটি বাড়ি মেরামত ও আধুনিকায়ন করতে কিছুটা সময় লাগতে পারে। 

জানা গেছে, যমুনার পাশেই ২৪ ও ২৫ নম্বর হেয়ার রোডের দুটি বাংলোয় ড. ইউনূসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। ড. ইউনূস যমুনা ছেড়ে দিলে ওই দুটি বাংলো প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। আগামীকাল শনিবার ড. ইউনূস বাসা ছেড়ে দিতে পারেন।

মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী কে কোন বাসায়
জানা গেছে, সাবেক উপদেষ্টাদের বেশির ভাগই সরকারি বাসভবন এরই মধ্যে ছেড়ে দিয়েছেন। সর্বশেষ গত সোমবার তিন সাবেক উপদেষ্টা বাংলো ছাড়েন। আর দুজন শিগগির বাসা ছেড়ে দেবেন বলে আবাসন পরিদপ্তরকে জানিয়েছেন। আর ড. ইউনূস সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে থাকা খলিলুর রহমান বর্তমান সরকারে মন্ত্রিত্ব পাওয়ায় তিনি ৩৩ মিন্টো রোডের আগের বাংলোতেই থাকছেন।

জানা গেছে, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ২৪ বেইলি রোড, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে ৫ হেয়ার রোড, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে ২৫ বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে ৭ মিন্টো রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ২ মিন্টো রোড, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৫ মিন্টো রোড, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে ১ হেয়ার রোড, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে ৬ হেয়ার রোড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে ১ মিন্টো রোড, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে ৪ মিন্টো রোড, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ৩৪ মিন্টো রোড; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে ৪১ মিন্টো রোড, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ২ হেয়ার রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং  শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশানে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। সেখানে সরকারি ৩০টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

আরও পড়ুন

×