ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৯:৫০ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৯:৫১
ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় পৃথক পাঁচটি দুর্ঘটনায় কলেজ শিক্ষক, পলিটেকনিক শিক্ষার্থী ও গৃহবধূসহ ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার জেলার গৌরীপুর, ধোবাউড়া, মুক্তাগাছা, ফুলপুর ও গফরগাঁও উপজেলায় নদী থেকে মরদেহ উদ্ধার, বজ্রপাত এবং সাপের ছোবলে এই প্রাণহানির ঘটনাগুলো ঘটে।
সংশ্লিষ্ট থানা পুলিশ প্রতিটি ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছে।
ব্রহ্মপুত্র নদে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফি গৌরীপুর উপজেলার বয়রা এলাকার আবুল হোসেনের ছেলে এবং ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে গোসলের সময় তীব্র স্রোতের টানে তিনি নদীতে তলিয়ে যান। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু
মুক্তাগাছা উপজেলায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাতে খালেকুল আজাদ (৬০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত খালেকুল আজাদ উপজেলার রৌয়ারচর গ্রামের মৃত ইছব আলীর ছেলে। তিনি স্থানীয় গাবতলী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পৌর শহরের হৃদয়মোড়ে সপরিবারে বসবাস করলেও ঘটনার সময় গ্রামের বাড়িতে ছিলেন। দুপুরে বাড়ির বাইরে হাঁটাহাঁটি করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গফরগাঁওয়ে বজ্রপাতে যুবক ও ধোবাউড়ায় কিশোর নিহত
গফরগাঁওয়ের পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে সিয়াম খান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মৃত রুকন উদ্দিনের ছেলে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
এদিকে ধোবাউড়া উপজেলায় বুধবার বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বজ্রপাতের শিকার হয়ে অর্গ হাজং (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি উত্তর লাঙ্গলজোড়া এলাকার অশিল হাজংয়ের ছেলে। ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু
গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে ঘরের ভেতর সাপের ছোবলে আরিফা ইসলাম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর রাতে ঘরের ফ্রিজ থেকে ডিম আনতে গেলে আরিফাকে একটি বিষধর সাপ ছোবল দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুরে নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মালিঝি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পরদিন মরিয়ম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। নিহত মরিয়ম ওই গ্রামের হারেজ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে বয়ে যাওয়া মালিঝি নদীতে বড় বোনের সঙ্গে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যায় শিশু মরিয়ম। গোসল শেষে বড় বোন তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সকালে নদীতে মরিয়মের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ফুলপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
