দেশে ফিরল দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রু
দেশে ফেরা বিমানের ক্রুরা। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৫:৫২
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ ফ্লাইট ক্রু’কে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাদের ফিরিয়ে আনা হয়।
বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরু থেকে গত ৫দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিল। ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এয়ারলাইন্সটি জানায়, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এর মধ্যে ৩৭৮ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট আজ ৫ মার্চ নিরাপদে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
অপর ফ্লাইটটি আগামীকাল ৬ মার্চ শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে। বিশেষ এই ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করা হচ্ছে।
- বিষয় :
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
