কর্মশালায় স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি
সালাহউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দ্য হাউস– এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেই সঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেসব দেশের সংসদে চর্চার ওপর কথা বলেছি।
তিনি বলেন, আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। বলবেন, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক দিক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে দেব।
নতুন সংসদ সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।
নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে– এ লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।
কর্মশালায় বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপ ও হুইপরা অংশ নেন। কর্মশালার প্রথম পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা।
- বিষয় :
- সালাহউদ্দিন আহমেদ
