ভারতীয় হাইকমিশনার বললেন
গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন
প্রণয় ভার্মা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০৮:২৬
| প্রিন্ট সংস্করণ
দুই দেশ ও বৃহত্তর অঞ্চলের অভিন্ন সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও ভারত একত্রে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে। এ সমর্থন অব্যাহত রাখবে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, এই মাস আমাদের বিশ্বাস এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে থাকা স্থায়ী মূল্যবোধগুলো– করুণা, সহানুভূতি, উদারতা এবং দয়ার মতো মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্বের দৃঢ় বন্ধনের পাশাপাশি ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক বন্ধনের কথা মনে করিয়ে দেয়, যা আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে মানুষকেন্দ্রিক করে তোলে।
তিনি বলেন, আমাদের দুই জাতির সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের অভিন্ন ত্যাগের অমোচনীয় স্মৃতি জনগণকে ঐক্যবদ্ধ করে। আজ দুটি প্রাণবন্ত এবং দূরদর্শী সমাজ হিসেবে আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কেবল আমাদের দুই দেশের জন্য নয়; বরং বৃহত্তর অঞ্চলেও অভিন্ন সমৃদ্ধি আনতে।
ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রণয় ভার্মা
