গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা করছে ইউজিসি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০২:০১ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ০২:০৩
দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় চৌর্যবৃত্তি (প্লেজিয়ারিজম) প্রতিরোধে একটি অভিন্ন অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রস্তাবিত এই নীতিমালা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
সোমবার ইউজিসির সম্মেলন কক্ষে খসড়া অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালার ওপর অংশীজনের মতামত গ্রহণে কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য ড. মাছুমা হাবিব বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্বভাবে অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করছে। তবে ইউজিসির উদ্যোগে একটি কেন্দ্রীয় নীতিমালা প্রণয়ন করা হলে তা সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নির্দেশনা হিসেবে কাজ করবে।
তিনি জানান, প্রস্তাবিত নীতিমালাটি বিশেষ করে নবীন গবেষকদের জন্য সহায়ক হবে। এর মাধ্যমে গবেষণায় সাইটেশন পদ্ধতি, তথ্য-উপাত্ত ব্যবহারের নিয়ম এবং গবেষণার নৈতিক দিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এতে গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধের পাশাপাশি সচেতনতা বাড়বে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার।
এসপিকিউএ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় এই কর্মশালায় দেশের ২১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ ইউজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
- বিষয় :
- ইউজিসি
